বিনোদন ডেস্ক: কয়েকদিন আগে মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘হাম্পটি শর্মাকি দুলহানিয়া সিনেমাটি। ব্যবসা সফল এ সিনেমাটিতে লেহেঙ্গা শাড়িতে কনে বেশে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন তিনি। এবার একই সাজে র্যাম্প মাতালেন মহেশ ভাট কন্যা। শ্রি রাজ মহল জুয়েলার্সের মডেল হিসেবে ২০ কেজিরও বেশি ওজনের একটি লেহেঙ্গা পরে র্যম্পে হাঁটেন আলিয়া।
অনুষ্ঠান শেষে আলিয়া ভাট বলেন, ‘ আমি এমনিতেই কিছুটা অগোছালো মানুষ। আর এখানে প্রায় ২৫ কেজি ওজনের শাড়ি, গহনা আর উঁচু হিল পরে হাঁটার সময় আমি খুবই নার্ভাস ছিলাম। তবে পোজ দেয়ার সময় সবাই তালি বাজাচ্ছিল, যা আমার কাছে খুবই ভালো লেগেছে।’
র্যাম্পে হাটার অনুভুতি জানতে চাইলে সংবাদ মাধ্যমকে এ অভিনেত্রী বলেন, ‘এটা ছিল অসাধারণ। র্যাম্পের এই দুই মিনিট সময় আমার জীবনের সেরা দুই মিনিট।’
এ অভিনেত্রী আরও জানান, ‘দুই বছর আগে আমি একবার এখানে এসেছিলাম। দর্শক সারিতে করন জোহরের সঙ্গে বসে ক্যাটরিনাকে র্যাম্পে হাঁটতে দেখে আমার মনে হয়েছিল মানুষ ওখানে কিভাবে হাটে! তবে এখন র্যম্পে হাঁটার পর মনে হচ্ছে কাজটা কঠিন হলেও বেশ আনন্দদায়ক।’