কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোল উপজেলার ৪নং তারগাঁ ইউনিয়নের পশ্চিম মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায় রমজানে বিদ্যালয় বন্ধের সুযোগে গত ২০ জুলাই বিদ্যালয়ের ১টি এন্ট্রি কড়াই ও ১টি ইউকিলেকটার গাছ গোপনে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। গাছ ২ টির আনুমানিক মুল্য ৪০ হাজার টাকা হতে পারে। এই ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সাথে কথা বলা হলে তিনি জানান, প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায় বিদ্যালয় পরিচালনার কমিটি কিংবা বিদ্যালয়ের কাউকে না জানিয়ে গাছ ২ টি কেটে বিক্রি করে দিয়েছে। কাউকে না জানিয়ে বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায়ের সঙ্গে তার মুঠো ফোনে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি জানান আমি স্কুলের উন্নয়নের জন্য ২ টি গাছ কেটেছি। ম্যানেজিং কমিটির সকল সদস্যদের মৌখিক বলেছি। রেজুলেশনের কথা হলে তিনি আরও জানান, কয়টা রেজুলেশন নিবেন আমি তা দিব ?
চোলাই মদ সহ গ্রেপ্তার ১
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পাইকপাড়া গ্রামের কালিপদ রায়ের পুত্র মানিক চন্দ্র রায় (২৭) কে কাহারোল থানা পুলিশ ৫ লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার করেছে। কাহারোল থানা মামলা সূত্রে জানা যায়, ২১ জুলাই আনুমানিক সাড়ে ১০ টার সময় কাহারোল থানার এসআই জাহিদ, এএসআই নরেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর নামক গ্রাম থেকে মানিককে মদ্যপান অবস্থায় ৫ লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার করেছে। কাহারোল থানায় মাদকদ্রব্য আইনে ২২(গ),(ঘ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।