ঢাকা : বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আলেম-ওলামা, দাঁড়ি-টুপি, মসজিদ-মাদরাসা, বোরকা এবং ইসলামপন্থীদের উপর সবচেয়ে বেশি জুলুম-নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াত।
মঙ্গলবার রাজধানীর মগবাজারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমির ড. মুহাম্মদ রেজাউল করিম।
রমনা থানা জামায়াত এ ইফতার মাহফিলের আয়োজন করে।
থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমানের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন মাওলানা সালেহ সিদ্দিকী, মাওলানা জাহাঙ্গীর হোসেন ও মাওলানা বশির আহমেদ প্রমুখ।
রেজাউল করিম বলেন, সরকার আলেম-ওলামাদের উপর নির্যাতন চালাচ্ছে। অথচ রাসূলের যোগ্য উত্তরসূরি হিসেবে এদেশে সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদসহ সকল অপকর্ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই আলেম সমাজ।
তিনি বলেন, গাজায় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নারী-শিশু-বৃদ্ধ-বণিতাদেরকে হত্যা করার পরও গোটা মুসলিম বিশ্ব কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তাই ইসরায়েলের এই অনৈতিক হামলার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।