নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দুই ঘন্টার ব্যবধানে তিন দফায় মৃদু ভূমিকম্প অনুভুত হয়েছে। মঙ্গলবার রাত ২টা ৪৭ মিনিট, ২টা ৫০মিনিট ও বুধবার ভোর ৪টা ৫৮ মিনিটে ওই ভূমিকম্প অনুভুত হয়। ওই তিন দফায় ভূকম্পনের স্থায়িত্ব ছিল তিন থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত। এসময় জেলায় ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া না গেলেও আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ।
নীলফামারী শহরের বাবুপাড়ার এমদাদুল হক (৩৫), গাছবাড়ী এলাকার নূর আলম (২৮), সবুজপাড়ার মনসুর ফকির (৪৭) জানান, মঙ্গলবার রাত ২টা ৪৭ মিনিটে প্রথমবার এবং এর তিন মিনিটের ব্যবধানে ২টা ৫০ মিনিটে দ্বিতীয় দফায় মৃদু ভূকম্পন অনুভুত হয়। এরপর বুধবার ভোর ৪টা ৫৮ মিনিটে তৃতীয় দফায় ভূমিকম্প অনুভুত হয়। তিন থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত ওই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল বলে তারা জানান।
নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী জানান, দুই ঘন্টার ব্যবধানে তিন দফায় মৃদু ভুমিকম্পে জেলার কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।