• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

রাজারহাটে ভিজিএফের চাল বিতরণে লংকা কান্ড!

Oniomরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উজেলাধীন উমর মজিদ ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণে লংকা কান্ড শুরু হয়েছে। ইউপি চেয়ারম্যান-ইউপি সদস্যরা মিলে ভূয়া তালিকা প্রণয়ন করে চাল উত্তোলনের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের গুদাম ঘরে তালা লাগিয়ে দিয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার উমর মজিদ ইউনিয়নে মাহে রমজান-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য ভিজিএফ’র ৪৬ মে. টন চাল বরাদ্দ দিয়েছে। জনপ্রতি ১০ কেজি করে ৪ হাজার ৬শত পরিবারের মাঝে তালিকা প্রণয়ন করা হয়। গত ৫-৭ দিন পূর্বে ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন মহিলা সংরক্ষিত সদস্যদের মধ্যে ভিজিএফ কার্ড ভাগ করে দিয়ে নিজেদের লোকদের দিয়ে চাল উত্তোলন করে সমুদয় আত্মসাত করার অভিযোগ ওঠার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ইউনিয়ন পরিষদের গোডাউনে তালা ঝুলিয়ে দেয়। সরজমিনে জানা যায়, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা মোছা. নাজমা বেগমকে ১শ’ ৬৩টি কার্ড বিতরণের জন্য দিলে ওই ইউপি সদস্যা সম্পূর্ণ মালামাল নিজেদের লোক দিয়ে উত্তোলন করে আত্মসাত করে বলে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন। পরিদর্শনকালে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান তার উপস্থিতিতে ভিজিএফ’র চাল বৃহস্পতিবার বিতরণ করার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দিলে তিনি তা আজ শুক্রবার বিতরণ করার কথা বলেন। ৯ নং ওয়ার্ডের ভিজিএফ’র কার্ডধারী খোকা (৪৫), দেলজান (৬০), নূর হোসেন (৫০) সাংবাদিকদের বলেন, তালিকায় নাম থাকলেও স্লিপ হাতে পাইনি এবং শুনেছি হামারগুলার চাউল উঠাইছে নেম্বররা বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। ভিজিএফ’র ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার রাজারহাট উপজেলা সহ. প্রকৌশলী মো. এনামুল হক বলেন, চাল বিতরণে কোন অনিয়ম হয়নি এবং কার্ড বিতরণে অনিয়ম হলে সেটা দেখার বিষয় আমার না। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান বলেন, মৌখিকভাবে অভিযোগ পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের সঠিকভাবে ভিজিএফ’র চাল বিতরণের জন্য নির্দেশনা দিয়েছে এবং এর ব্যত্যয় ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সবমিলিয়ে উমর মজিদ ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণে বর্তমানে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ