রংপুর: রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। শরিফুল ইসলাম নামের আহত পুলিশ কনস্টবলকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যায় নগরীর সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানান, শালবন এলাকায় একটি রেস্টুরেন্টে মহানগর বিএনপি প্রথম পরিচিতি সভা ও ইফতার মাহফিল আয়োজন করে। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেন। সভা শেষে নেতাকর্মীরা বেরিয়ে এলে কমিটিতে পদবঞ্চিতরা শালবন ইন্দ্রামোড় এলাকায় তাদের বাধা দেয়। এ নিয়ে মহানগর কমিটির লোকজনের সঙ্গে পদবঞ্চিতদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ বাধে। এসময় পুলিশ টিয়ার সেল ও সাউন্ড বুলেট নিক্ষেপ ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে মহানগর কমিটির সাধারন সম্পাদক সামসুজ্জামান সামু বলেন, ইচ্ছাকৃতভাবে পদবঞ্চিতরা নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। কোতয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।