দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র জনগোষ্টীর মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে। জেলার ১ লাখ ৮৫ হাজার ৫৮টি ভিজিএফ কার্ডের মাধ্যমে জনপ্রতি ১০ কেজি করে ১ হাজার ৮৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
দিনাজপুর জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা হাম্মাদুল বাকী জানান, জেলার ১৩টি উপজেলার ১০২টি ইউনিয়ন এবং ৯টি পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সহায়তা দিতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে ১ লাখ ৮৫ হাজার ৫৮টি ভিজিএফ কার্ডের মাধ্যমে ১ হাজার ৮৬০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌরসভার মেয়র ও কাউন্সিলদের মাধ্যমে প্রকৃত দরিদ্র পরিবার শনাক্ত করে বরাদ্দকৃত চাল ভিজিএফ কার্ডের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
২৩ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করা হবে। প্রাপ্ত চালের মধ্যে জেলার ৯টি পৌরসভার মধ্যে ক শ্রেণির ২টি পৌরসভা দিনাজপুর সদর ও বিরামপুরে ৯ হাজার ২৪২টি কার্ডের বিপরীতে ৯২ মেট্রিক টন চাল, খ শ্রেণির ৪টি পৌরসভা পার্বতীপুর, সেতাবগঞ্জ, বীরগঞ্জ ও ফুবাড়ীতে ১৫ হাজার ২৫টি কার্ডের বিপরীতে ১২৩ মেট্রিক টন করে চাল এবং গ শ্রেণির ৩টি পৌরসভা হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরলে ৪ হাজার ৬৪২টি কার্ডের বিপরীতে ৪৬ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। ৯টি পৌরসভায় ২৬ হাজার ১৮৬টি কার্ডের বিপরীতে ২৬১ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
অপরদিকে জেলার ১৩টি উপজেলায় ১ লাখ ৫৯ হাজার ৮৭২টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১ হাজার ৫৮৯ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ৯টি পৌরসভা ও ১৩টি উপজেলায় মোট ১ লাখ ৮৫ হাজার ৫৮টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ড প্রতি ১০ কেজি করে ১ হাজার ৮৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।