ঢাকা: তসলিমার ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদনে সাড়া দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। শনিবার বিকেলে নিজের টুইটার অ্যাকাউন্ট এ কথা জানান তসলিম নাসরিন।
টুইটে তসলিমা লিখেছেন, ‘এক মাস আগে ভারতে বসবাসের অনুমতির মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছিলাম। কিন্তু সরকারের কাছ থেকে এ বিষয়ে কোন সাড়া পায়নি। এ ধরনের ঘটনা এবারই প্রথম।’ কয়েক দিনের মধ্যেই ওয়ার্ল্ড হিউম্যানিস্ট কংগ্রেসের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য যাচ্ছেন তসলিমা। তার ভয় ভিসার মেয়াদ বৃদ্ধি না করলে অনুষ্ঠান শেষে হয়তো তার আর ভারতে ফেরা হবে না। বাংলাদেশের বিতর্কিত এই লেখিকা ১৯৯৪ সাল থেকেই বাংলাদেশের বাইরে থাকেন। দীর্ঘ দিন সুইডেনে থাকার পর ২০০৪ সাল থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এর আগে বেশ কয়েকবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করলেও ভারত সরকার তার ভিসার মেয়াদ বৃদ্ধি করে এসেছে। তসলিমা বর্তমানে সুইডেনের নাগরিক হিসেবে ভারতে অবস্থান করছেন।