আন্তর্জাতিক ডেস্ক: জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, হামাস ও ইসরাইল গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কায়রোয় পরোক্ষ আলোচনায় আজ শুক্রবার স্থানীয় সময় ৮টা (জিএমটি সময় ৫.০০টা এবং বাংলাদেশ সময় সকাল ১১টা) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ব্যাপারে দুই পক্ষ সম্মত হয়েছে বলে জানানো হয়েছে।
জাতিসঙ্ঘ মহাসচিব বান কি-মুন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং কায়রোতে তাদের মধ্যে আলোচনা হবে।
মার্কিন পররাষ্ট্র দফতরের এক সিনিয়র কর্মকর্তা বলেন, শুক্রবার সকালে গাজা নিয়ে আলোচনা শুরু হবে।
আলোচনায় টেকসই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।
জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতিতে আরো জানিয়েছে, নির্দোষ নাগরিকদের সহিংসতা থেকে রেহাই দিতে এই যুদ্ধবিরতি অতিপ্রয়োজনীয় ছিল। এই সময়ে গাজায় মানাবিক সহায়তা প্রদান, নিহতদের দাফন, আহতদের চিকিৎসা, খাদ্য সরবারাহ প্রদানের মতো জরুরি সেবাগুলো প্রদান করা হবে।
যুদ্ধবিরতি প্রশ্নে হামাসের মুখপাত্র ওসামা হামদান আলজাজিরাকে বলেন, ইসরাইলকে রক্ষা করা বা ইসরাইলি নিরাপত্তা পাহারা দেয়া আমাদের দায়িত্ব নয়।
তবে এবার সব ফিলিস্তিনি গ্রুপ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি প্রশ্নে একমত হয়েছে। সবাই এই ঘোষণার প্রতি সম্মান প্রদর্শন করবে।
বৃহস্পতিবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৪৪ জন। এছাড়া আহত হয়েছে ৮,৩৫০। হতাহতের বেশির ভাগই নারী, শিশুসহ বেসামরিক নাগরিক। আর ইসরাইল জানিয়েছে, তাদের ৫৬ জন নিহত হয়েছে। এদের প্রায় সবাই সৈন্য। ৮ জুলাই ইসরাইল গাজায় হামলা শুরু করে।