কুড়িগ্রাম : রৌমারী থানার ভেতরে থাকা কুড়িগ্রাম ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেনের গাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার ভোরে রৌমারী থানার ভেতরে রাখা তার ব্যবহৃত শুল্কমুক্ত গাড়ীটিতে আগুন দেয় একদল দুর্বৃত্ত। সেখানে ফায়ার সার্ভিস না থাকায় পুলিশ এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে। এসময় গাড়ীর নিচ থেকে ৬টি পটকাও উদ্ধার করে পুলিশ।
গাড়ীর মালিক ও আওয়ামী লীগের সাবেক এমপি জাকির হোসেন জানান, আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তরাই ভোররাতে এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।