ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ৯০ হাজার রুপিসহ ছিটমহলের এক হুন্ডি ও মাদক চোরাচালানি সিন্ডিকেটের রাঘব বোয়ালকে আটক করেছে পুলিশ। আটক ওই চোরাচালানির নাম মফিজুল ইসলাম। তিনি ফুলবাড়ী উপজেলা সদরের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১৫০ নম্বর ছিটমহল দাশিয়ারছড়ার কালিরহাট এলাকার খলিলুর রহমানের ছেলে। সোমবার রাত ৮ টায় উপজেলার কাশিপুর এলাকার কাশিয়াবাড়ির সীমান্তের প্রাক্তন ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আবুবকর মিয়ার বাড়ির পাশ থেকে পুলিশ তাঁকে আটক করে।
পুলিশ জানায়, ওই চোরাচালানি দীর্ঘ সময় ধরে ভারতের দিনহাটা থানার সেউটি-২ এলাকার একটি হুন্ডি, গরু ও মাদক সিন্ডিকেটের সাথে ব্যবসা করে আসছে। ভারতের সিন্ডিকেটের নিকট থেকে টাকা নিয়ে ছিটমহলে ঢোকার পথে সীমান্ত থেকে পুলিশ তাকে আটক করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ওই চোরাচালানির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হবে।