নীলফামারী প্রতিনিধি: চার মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে তোবা গ্রুপের অনশনরত গার্মেন্টস শ্রমিকদের দাবির সাথে একাত্বতা প্রকাশ করে অনশনরত গার্মেন্টস শ্রমিকদের অনতিবিলম্বে ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়ার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে সিপিবি ও বাসদ।
মঙ্গলবার দুপুরে দিকে শহরের কালিবাড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা অম্লান স্মৃতি চত্তরে পথসভায় মিলিত হয়।
এসময় জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ইউনুস আলী, গোপাল রায়, উদাস রায়, মোস্তাক আহমেদ, প্রাণ কুমার রায় ও খন্দকার মোঃ হানিফ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকরা শ্রম দিয়ে তার দাম চায়, ভিক্ষা চায়না। তারা ঘাম ঝড়িয়ে উৎপাদন করেছে। আর এসব উৎপাদিত পন্য দিয়ে কারখানার মালিকরা বড়লোক হচ্ছে। এসময় বক্তরা বিজিএমই এর প্রতি তীব্র নিন্দা জানিয়ে তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের জামিন বাতিল করে শাস্তি এবং শ্রমিকদের ন্যায্য বেতন বুঝিয়ে দেয়ার দাবি জানান।