ঢাকা: বাড্ডার হোসেন মার্কেটের সপ্তম তলায় তালাবদ্ধ তোবা গ্রুপের অনশনরত শ্রমিকরা। আর বাইরে চলছে পুলিশের দফায় দফায় লাঠিচার্জ। ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে হোসেন মার্কেটের সামনে। রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা। রায়ট কার, প্রিজন ভ্যান ও জলকামান নিয়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ।
ইতিমধ্যেই কারখানার ভিতরে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক কর্মী ও শ্রমিক সংগঠনের নেতাদের বের করে দিয়েছে পুলিশ। শ্রমিক সংগঠনের নেতারা অভিযোগ করেন, অসুস্থ শ্রমিকদের জন্য খাবার স্যালাইন ও ওষুধ নিতে দিচ্ছে না পুলিশ।
দুপুরে ঢাকা ইউনিভার্সিটির নাট্য তত্ত্ব বিভাগের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা এবং সাইদিয়া গুলরুক অসুস্থ শ্রমিকদের জন্য খাবার নিয়ে আসলে পুলিশ ভিতের ঢুকতে বাধা দেয়। একপার্যায়ে তারা সেখানে অবস্থান করলে পুলিশ লাঠিচার্জ করে তাড়িয়ে দেয়।
পুলিশ বেপরোয়াভাবে সামিনা লুৎফা এবং সাইদিয়া গুলরুকের উপর হামলা চালায়। পরে সাংবাদিকদের সহায়তায় তারা রক্ষা পায়। এর আগে শ্রমিক নেতাদের কারখানা থেকে বের করে দিলে শবনম হাফিজসহ তিনজন শ্রমিক নেতা রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের টেনে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
এছাড়া পুলিশের সাথে অবস্থান নিয়েছে মালিক সমর্থিত কিছু শ্রমিক সংগঠন। তারা কারখানায় অবস্থিত শ্রমিকদের পক্ষে কেউ কথা বলতে আসলে তাদের ওপরও হামলা চালায়।
এখন পর্যন্ত কারখানার সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানা গেছে, সন্ধ্যার পর পুলিশ অভিযান চালিয়ে শ্রমিকদের কারখানা থেকে বের করে দেবে।