লক্ষ্মীপুর : নেতা-কর্মীদের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির মিছিলে পুলিশের গুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদল ও বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার দালাল বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও সদর উপজেলা বিএনপি সূত্রে জানা জানা যায়, সদর উপজেলা যুবদলের সভাপতি রাশেদুল হাসান ও দক্ষিণ হামছাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ইউনিয়ন কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খোয়াসাগর এলাকায় পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশ ও ডিবি পুলিশ দালালবাজার এলাকা ঘিরে রাখে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রকিব-উল হোসেন জানান, অনুমতি না থাকায় মিছিল ও সমাবেশ মিছিল করতে দেওয়া হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।