আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭৩ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে গত এক মাসে গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের নাম ব্রিটেনের একটি জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়।
দৈনিক পত্রিকাটির পুরো পাতাজুড়ে ছাপানো বিজ্ঞাপনটিতে নিহত শিশুদের নামের নিচে মোট হরফে লেখা ছিল, ‘আমাদের সহায়তা করুন যাতে এই শিশুরাই সর্বশেষ শিকার হয়।’ তার ঠিক নিচে গাজা এবং ইসরায়েলের শিশুদের জন্য স্থায়ী যুদ্ধ বিরতির আহ্বান জানানো হয় ওই বিজ্ঞাপনটিতে।
বিজ্ঞাপনটি প্রকাশের ঘটনায় গাজায় ইসরায়েলে হামলার ঘটনায় যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে দেশটির বিভিন্ন স্তরের মানুষ নেতিবাচক প্রতিক্রিয়া জানায়। অনেকেই গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় ক্যামেরন সরকারের ভূমিকার সমালোচানা করেন। বিশেষ করে গাজা হামলা প্রসঙ্গে ক্যামেরন সরকারের অবস্থান ‘নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়’ এই অভিযোগ তুলে ব্যারোনেস ওয়ার্সির পদ্যত্যাগের পর সমালোচানা আরো বেড়ে যায়।
এমনকি ক্যামেরনের মিত্র দল টোরি পার্টির অনেক এমপি ক্যামরনের ভূমিকার সমালোচানা করেন। যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্র কর্মকর্তা আলিসটেয়ার বার্ট বলেন, ইসরায়েলের হামলা ছিল অবিবেচনাপ্রসূত এবং এর কোনো নৈতিক ভিত্তি ছিল না।
সেভ দ্য চিলড্রেনের প্রধান জাস্টিন ফোরসিথ বলেন, ‘গত চার সপ্তাহে প্রায় ৪০০ শিশুর মৃত্যু চরম নিষ্ঠুরতার পরিচয় বহন করে। এই নাম প্রকাশের মাধ্যমে আমরা গাজা ও ইসরায়েলে নির্বিচারে হামলার প্রতিবাদ জানিয়েছি।’