খেলাধুলা ডেস্ক: টেন্টব্রিজে প্রথম টেস্ট থেকে জেমস অ্যান্ডারসন-রবীন্দ্র জাদেজাকে নিয়ে ভারত-ইংল্যান্ডের যে কথার লড়াই শুরু হয়েছিল তার থামার লক্ষণ দেখা যাচ্ছে না। সেই লড়াই আবার এমনই যে, আঘাত হানছে দু’দেশের অহংবোধেও। তাই তো সাংবাদিকদের কাছে মহেন্দ্র সিং ধোনী-অ্যালিস্টার কুকরা যতটা না কথা বলেন ক্রিকেট নিয়ে তার চেয়ে বেশি বলেন জাদেজা-অ্যান্ডারসনকে নিয়ে।
ভারত অধিনায়ক যখন বলেন, ‘টেন্টব্রিজ ঘটনায় জাদেজার কোনো দোষই নেই, সব দোষ অ্যান্ডারসনের।’ তখন ইংলিশ অধিনায়ক পাল্টা বাউন্সার মেরে জানিয়ে দিচ্ছেন, অ্যান্ডারসন তাদের কাছে রোল মডেল।
দু’পক্ষের এই কাদা ছোঁড়াছুঁড়িতে মাঠের ক্রিকেটই যেন উধাও! বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ক্রিকেট ফিরল বটে, তবে ইংলিশরা তার পুরো ফায়দা তুলে নিয়ে ১৫২ রানে অলআউট করে লজ্জায় ডোবাল ভারতীয়দের।
শুরুর ধাক্কা কাটিয়ে ইংল্যান্ড স্কোরবোর্ডে ৩ উইকেট হারিয়ে ৩৫ ওভারে জমা করেছে ১১৩ রান। ইয়ান বেল ৪৫ ও জর্ডান শূন্য রানে ক্রিজে আছেন। ইংলিশরা এখনও পিছিয়ে আছে ৩৯ রানে।
রোজবোলে তৃতীয় টেস্টে ২৬৬ রানে হারের পরই দিকভ্রান্ত হয়ে পড়ে ধোনীর দল। চারদিক থেকে ধেয়ে আসতে থাকে সমালোচনার তীর। তারওপর ঘুরেফিরে এসেছে জাদেজা কাণ্ড। একদিকে বড় পরাজয় অন্যদিকে জাদেজা, কোনটা সামলাবেন?
কিংকর্তব্যবিমূঢ় ধোনীর দলের এই সুযোগটাই নিয়েছেন টগবগ করে ফুটতে থাকা স্টুয়ার্ট ব্রড-অ্যান্ডারসনরা। তাদের আগুনে বোলিংয়ে রীতিমতো পুড়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। তা না হলে টপ অর্ডারের চার ব্যাটসম্যানের তিন জন্যই কেন শূন্য রানে ফিরে যাবেন!
এদিন আরেকটি লজ্জার অংশীদার হয়েছে ধোনীর দল। এর আগে এক ইনিংসে ছয়জন ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার ঘটনা আছে সাকুল্যে তিনবার, তিন দেশের: দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং বাংলাদেশের। সেই তালিকায় এবার যোগ হলো ভারতও।
ব্রড-অ্যান্ডারসন এমনই তোপ দাগিয়েছেন যে, বলতে গেলে আর কাউকে সুযোগই দেননি উইকেট শিকার করতে। ১৩.৪ ওভার বোলিং করে মাত্র ২৫ রানে ৬ উইকেট নিয়েছেন ব্রড। অ্যান্ডারসন ৩ উইকেট নিতে খরচ করেছেন ৪৬ রান। ৪৬.৪ ওভারে ১৫২ রান তুলতেই শেষ ভারতের ইনিংস।
আরও বড় লজ্জায় পড়তে হতো ভারতীয়দের যদি ধোনী বুক চিতিয়ে না দাঁড়াতেন। ড্রেসিংরুমে ফিরতে যখন প্রতিযোগিতা শুরু করেছেন বিজয়-কোহলিরা তখন অন্যপ্রান্তে চোয়ালবদ্ধ অধিনায়ক। মূলত ধোনীর ৭১ এবং রবিচন্দ্র অশ্বিনের ৪২ বলে ৪০ রানের ইনিংসই বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছে ভারতকে।
এদিন শুরুটা এত বাজে হয়েছিল, মাত্র ৮ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে ভারত। সেই যে শুরু শেষ পর্যন্ত আর কোমর সোজা করে দাঁড়াতেই পারল না দলটি। ২০১২ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমে গৌতম গম্ভীরের সংগ্রহ ৪। বলিউড সুন্দরী আনুষ্কা শর্মাকে নিয়ে একই রুমে থেকে বিতর্ক ছড়ানো বিরাট কোহলি (০) ফের ব্যর্থ। ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি মুরালি বিজয়ও (০)।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ১৫২/১০ (৪৬.৪ ওভার) (বিজয় ০, গম্ভীর ৪, পূজারা ০, কোহলি ০, রাহানে ২৪, ধোনী ৭১, জাদেজা ০, অশ্বীন ৪০, ভুবেনশ্বর ০, অ্যারন ১, পঙ্কজ ০। ব্রড ২৫/৬, অ্যান্ডারসন ৪৬/৩, জর্ডান ২৭/১।
ইংল্যান্ড প্রথম ইনিংস: ১১৩/৩ (৩৫ ওভার) (কুক ১৭, রবসন ৬, ব্যালান্স ৩৭, বেল ৪৫*, জর্ডান ০*। অ্যারন ২৬/২, ভুবেনশ্বর ১৭/১।