শাহজাহান আলী: চাঁদাবাজীর সংবাদ প্রকাশ করায় নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক কর্তৃক সৈয়দপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক মানববার্তার নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন হিরোকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ রবিবার শহরের শহীদ স্মৃতি অম্লান চত্বরে সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত ১ ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। ইউএনও মোঃ শফিকুল ইসলাম’র অনুপস্থিতিতে সহকারী কমিশনার (ভুমি) মুশফিকা ইফফাত স্মারকলিপিটি গ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সৈয়দপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম পলাশ (আলোকিত বাংলাদেশ), সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী (নিউজ বিডিএন), সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সাবের (ডেইলী অবজারভার), যুগ্ম সম্পাদক এম আর মহসিন (দৈনিক ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম খোকন (দৈনিক বর্তমান), দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন হিরো (দৈনিক মানববার্তা, সাপ্তাহিক দেশসময়), প্রচার সম্পাদক আলমগীর হোসেন (দৈনিক আমার সংবাদ), সদস্য জাহাঙ্গীর আলম (দৈনিক দাবানল), সদস্য সাহবাজ উদ্দিন (সাপ্তাহিক মানব সমস্যা), শাহিদুল সরকার দুলাল (দৈনিক মুক্তভাষা), ফিরোজ আলী শাহ (সাপ্তাহিক নীলফামারী চিত্র), মুক্তার আনসারী (সাপ্তাহিক দাগ), জাবেদ আলী খান (দৈনিক মহাস্থান) প্রমুখ। বক্তারা অবিলম্বে লাঞ্চনাকারী চাঁদাবাজ সাংবাদিকদের বিচার ও উদ্বুধ পরিস্থিতির সুষ্ঠু সমাধান দাবি করেন। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে।
উল্লেখ যে, রমজান মাসে বিভিন্ন সেমাই ফ্যাক্টরীতে সরেজমিন ঘুরে নিম্নমানের ও ভেজাল উপকরণ দ্বারা তৈরী লাচ্ছা সেমাইয়ের উপর গত ০৫-০৮-২০১৪ ইং তারিখে দৈনিক মানববার্তা পত্রিকায় “সৈয়দপুরে ভেজাল সেমাই বাজারজাত করতে প্রশাসনসহ সাংবাদিকদের ম্যানেজের ঘটনা নিয়ে ব্যাপক গুঞ্জন” শিরোনামে সংবাদ প্রকাশ করেন। ওই রিপোর্টটির জের ধরে ক্ষিপ্ত হয়ে সৈয়দপুর প্রেসক্লাব এর সামনে গত ০৬-০৮-২০১৪ ইং তারিখ দুপুর ১.৩০ মিনিটের সময় চিহ্নিত সাংবাদিকরা দৈনিক মানববার্তার জেলা প্রতিনিধিকে ডেকে নিয়ে লাঞ্চিত করে ও প্রাণ নাশের হুমকি দেয়।
প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে ওইদিনই রাতে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। জিডি নং- ২৭০, তারিখ ০৬-০৮-২০১৪ ইং। ঘটনার পরেরদিন সৈয়দপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিক লাঞ্চনার প্রতিবাদে শহীদ স্মৃতি অম্লান চত্বর থেকে একটি মৌন মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে আবারও স্মৃতি অম্লান চত্বরে একটি সংক্ষিপ্ত পথসভা করে।