সিসিনিউজ: ট্রান্সপারেন্সী ইন্টার ন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন ‘দুর্নীতির কারণে বাংলাদেশে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। রানা প্লাজা আমাদের সামনে একটি বড় উদাহারণ ওই রানা প্লাজায় জমি থেকে শুরু করে ইমারত নির্মানে দূর্নীতি হয়েছিল। এমন যেদিন রানা প্লাজার ভেঙ্গে পড়ে সেদিন শ্রমিকদের ইচ্ছের বিরুদ্ধে কাজে যোগ দিতে বাধ্য করাটাও সরাসরি দূর্নীতি। যার ফলে এই ভবন ভেঙ্গে হাজারো মানুষের মৃত্যু হয়েছে।’ সোমবার সন্ধ্যায় নীলফামারী ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ে নাগরিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্রান্সপারেন্সী ইন্টার ন্যাশনাল বাংলাদেশের অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক আয়োজিত গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুশাসন ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন র্শীষক স্থানীয় পর্যায়ে করণীয় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক নীলফামারীর সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়।
সনাকের সহ-সভাপতি তাহমিন হক ববির সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ এন কে আলম চৌধুরী, আহসান আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রশীদ মঞ্জু,জেলা সিপিবি সভাপতি শ্রীদাম দাস, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান দৌলত জাহান ছবি,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল,চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার,জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আবু সোয়েম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী, সহকারী পুলিশ সুপার শফিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান। এসময় নীলফামারীর বিভিন্ন সরকারি, বেসরকারী দপ্তরের প্রতিনিধিরাসহ সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় দুর্নীতিকে উন্নয়নের বড় বাধা উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারী বেসরকারী খাতে সেবা নিতে গিয়ে দেশের ৬৯ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হন। দূর্নীতি করলে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ বিষয়টি যতক্ষণ নিশ্চিত করা যাবে না ততক্ষণ পর্যন্ত দূর্নীতির উল্লেখযোগ রোধ হবে না। বাংলাদেশকে এক দিনে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়। এটা অনেক সময়ের ব্যাপার। আর এজন্য আগে দেশের সকল নাগরিককে সচেতন করতে হবে। সকলকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।