প্রযুক্তি ডেস্ক: ভেরিফাইড হলো সঙ্গীত তারকা দিলশাদ নাহার কনার ফেসবুক ফ্যানপেজ। শুক্রবার সন্ধ্যায় ফেসবুক কর্তৃপক্ষ শিল্পী কনার পেজটি (https://www.facebook.com/konasinger) যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করে। এই শিল্পীর পেজে লাইকের সংখ্যা এক লাখ ২৮ হাজার ২০৮৷
কনা বলেন, ‘এটা আনন্দের ব্যাপার। হয়েছে কী, কনা নামে একটি ফেইক ফ্যানপেজ খুলে রেখেছে কেউ। যার কারণে আমার কিছু ভক্ত-অনুরাগী বিভ্রান্ত হচ্ছিলেন। ফেসবুকে আমার পেজটি এখন ভেরিফাইড হয়েছে। ভক্ত-শ্রোতাদের এখন আর বুঝতে অসুবিধা হবে না কোনটা আমার আসল পেজ। ধন্যবাদ ফেসবুক কর্তৃপক্ষকে।’
তিনি আরও বলেন, ফেসবুক ফ্যানপেজের মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি পথ তৈরি হয়। সাধারণত, সেসব ভক্তরাই এখানে লাইক দিয়ে থাকেন যারা তাদের প্রিয় শিল্পীকে অনুসরণ করেন ও ভালোবাসেন। আমার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা।
প্রসঙ্গত, বাংলাদেশী সঙ্গীত তারকাদের মধ্যে সবার আগে ফেসবুক কর্তৃপক্ষের মাধ্যমে ভেরিফাইড পেজটি হচ্ছে শিল্পী তাহসানের। গত বছরের ডিসেম্বর মাসে তাহসানের পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ।
তাহসানের ঠিক একদিন পরই ফেসবুকে ভেরিফাইড হয় সঙ্গীতশিল্পী পড়শীর পেজ। পেজ ভেরিফাইড একদিন দেরিতে হলেও লাইকের দিক থেকে তাহসানের চেয়ে এগিয়ে আছে পড়শী। শুক্রবার দুপুর পর্যন্ত পড়শীর পেজে লাইকের সংখ্যা ১৮ লাখ ৪৮ হাজার ২৬৩। দ্বিতীয় অবস্থানে তাহসান, তার পেজে আছে ১৪ লাখ ৯৭ হাজার ৭৭৯ লাইক। গায়ক ও অভিনয়শিল্পী তপুর ফেসবুক পেজটিও ভেরিফাইড হয়েছে। তার পেজে লাইক সংখ্যা সাত লাখ ৮২ হাজার ৭৫৫।