লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদরের মোগলহাট ইউনিয়নে অভিযান চালিয়ে পিস্তলসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে মাদকবিরোধী অভিযানে থাকা ভ্রাম্যমাণ আদালত।
আটকৃতরা হলেন, মাহফুজ রহমান (৩৫) ও নবিয়ার রহমান (৪৫)। মাহফুজ সদর উপজেলার সাপ্টিবাড়ি এলাকার গিলাবাড়ি গ্রামের কফিল উদ্দিনের ছেলে এবং নবিয়ার দুড়াকুটি এলাকার আমজাদ হোসেন ছেলে বলে জানাগেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, “নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সাইফুর রহমান ও ছানাউল ইসলামের নেতৃত্বে ১৬ আনছার ব্যাটালিয়ন সদস্যরা শনিবার রাত ১টার দিকে দুরাকুঠি ব্রীজে অভিযান চালায়। এসময় মাহফুজ ও নবিয়ারকে তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, এক বোতল বিদেশি মদসহ একটি মটরসাইকেল উদ্ধার করে তারা।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল মোঃ আদিবুল হক জনান, রাতেই আটকদের জিজ্ঞাসাবাদের জন্য লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে ।