ঢাকা : ভাষাসৈনিক আব্দুল মতিনকে রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়ার সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে আইসিউতে রাখা হয়েছে। তিনি ডা. হারুনুর রশীদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রবীণ এই ভাষা সৈনিকের স্বজনরা জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের আগ থেকেই তিনি অসুস্থ। আজ দুপুরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অচেতন অবস্থায় তাকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার বয়স ৮৮ বছর।
ডা. হারুনুর রশিদ শীর্ষ নিউজকে জানান, তার অবস্থা ঈদের আগে বেশ খারাপ ছিল। সে সময় থেকেই তিনি কাউকেই চিনতে পারতেন না। তবে ঈদের পরে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
তিনি জানান. ভাষা সৈনিক আবদুল মতিনের ডান পাশ অবশ হয়ে গেছে। আপাতত তাকে ইনসেনটিভ কেয়ারে রাখা হচ্ছে।