ঢাকা : সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে।
প্রথম দুটি ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিলো দক্ষিণ অফ্রিকা। তাই হোয়াইটওয়াশ ঠেকাতে হলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি জিততেই হতো স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি ব্রেন্ডন টেইলররা।
বৃহস্পতিবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। শুরু থেকেই দক্ষিণ আফ্রিকান পেসারদের দাপটে কাবু হয়ে পড়ে স্বাগতিক ব্যাটসম্যানরা।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে ১৬৫ রান করতেই সবক’টি উইকেট হারায় জিম্বাবুয়ে। এদিন জিম্বাবুয়ের মাত্র তিনজন ব্যাটসম্যান তিন অংকের ঘরে পৌঁছতে সক্ষম হন।
মাত্র ৩৯.৫ ওভার খেলতেই সবক’টি উইকেট হারানো দলটির পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন অলরাউন্ডার এল্টন চিগম্বুরা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১২২ বল খেলে ১০ চার ও ২টি ছক্কার সাহায্যে ৯০ রান করেন তিনি। এছাড়া সেকেন্দার রাজা করেন ৩০ রান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে মার্সেন্ট ডি লাঙ্গে ৩১ রানে ৩টি উইকেট দখল করেন। এছাড়া কাইল অ্যাবোট ও ওয়েন পার্নেল ২টি করে উইকেট তুলে নেন।
এরপর ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার ডি ককের ৮৪ রানের উপর ভর করে মাত্র ২৭.২ ওভারেই লক্ষে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ডি কক ৭৫ বল খেলে ৭ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া ফাফ ডু প্লে-সিস ৪০ ও ডে পি ডুমিনি ২৮ রান করেন।
জিম্বাবুয়ের হয়ে শেন উইলিয়ামস ও পানিয়াঙ্গারা একটি করে উইকেট তুলে নিতে সক্ষম হন।