রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউপি’র রোববার চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মো. আলমগীর হোসেন (কাপপিরিচ) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৯৪ ভোট এবং আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো. তাইজুল ইসলাম (চশমা) প্রতীক নিয়ে ৪৬৯৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। অত্র ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৬শ’ ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬শ’ ৩৭ ও মহিলা ভোটার ৫ হাজার ৯শ’ ৮৮ জন। ৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে টানা ভোট গ্রহণ চলে। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সব শ্রেণীর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে আসতে দেখা গেছে। আইন-শৃৃঙ্খলা বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। নবনির্বাচিত চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম বলেন, এ বিজয় আমার নয়, এ বিজয় ইউনিয়নবাসীর। তিনি সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে ডিজিটাল বিদ্যানন্দ ইউপি গড়তে নিরলসভাবে কাজ করার কথা জানিয়েছেন সাংবাদিকদের। উল্লেখ্য, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউপি’র চেয়ারম্যান মো. আবুল হাসেম গত দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হয়ে নির্বাচন করে জয়লাভ করায় ইউনিয়নটি চেয়ারম্যান শূন্য হয়ে পড়ে।