ঢাকা: ব্যাংক লোপাট হলে দেশে বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিনিয়োগ বোর্ডের কনফারেন্স রুমে দুপুরে বিনিয়োগ বোর্ড আয়োজিত ‘লো-ইকোনোমি অব বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী পরিচালক ড. এস এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিভাগের সচিব রিয়েল অ্যাডমিরাল (অব) মো. খোরশেদ আলম, এবং বিল্ডের প্রধান নির্বাহী পরিচালক ফেরদৌস আরা বেগম, দিলীপ কুমার দাস, ড. মুহাম্মদ নূরুল আলম আলোচনায় অংশ নেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হলমার্ক এবং বিসমিল্লাহ গ্রুপের মতন অসাধু ব্যবসায়ীরা যদি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যায় তাহলে এদেশে কোনদিনই বিনিয়োগ আসবে না। আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখতে না পারলে বিনিয়োগের সুফল ভোগ করা সম্ভব হবে না।’
এ সময় ড. তৌফিক ই ইলাহী বলেন, ‘বর্তমানে দেশে বিনিয়োগের একটি উৎকৃষ্ট পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক অস্থিরতা না থাকায় বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে। এ অবস্থায় দেশকে অস্থিতিশীল করার জন্য যারা পাঁয়তারা করছে তাদের সম্পর্কে সরকার সজাগ রয়েছে।’
মূল প্রবন্ধ উপস্থাপক, রিয়েল অ্যাডমিরাল (অব) খোরশেদ আলম বলেন, ‘বাংলাদেশের সমুদ্রসীমায় বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। সমুদ্রের তলদেশে সম্পদকে কাজে লাগাতে সরকারের উচিত বিদেশি বিনিয়োগকে প্রাধান্য দেয়া।’