বিনোদন ডেস্ক: এবার সাংবাদিক হয়ে পর্দায় হাজির হচ্ছেন মাহিয়া মাহী। সৈকত নাসিরের ‘দেশা : দ্য লিডার’ ছবিতে তিনি অভিনয় করেছেন একজন অকুতোভয় সাংবাদিকের চরিত্রে। এরই মধ্যে ছবির শুটিং, ডাবিং ও সম্পাদনার কাজ শেষ হয়েছে। আসছে ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। মাহী বলেন, ‘সাংবাদিকদের সম্পর্কে নানা সময়ে পড়েছি, জেনেছি। কিন্তু এ ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি একজন নিষ্ঠাবান সাংবাদিক কতটা ঝুঁকি নিয়ে তাঁর দায়িত্ব পালন করেন। দর্শকরাও ছবি দেখে এটা বুঝতে পারবেন। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। ছবির গল্প, আমার চরিত্র এবং নির্মাণশৈলী দর্শকদের চমক দেবে। আমার বিশ্বাস, ছবিটি ঢাকাই চলচ্চিত্রে নতুন আমেজ এনে দেবে।’ ‘দেশা : দ্য লিডার’ ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন।