দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সমাজ সেবা বিভাগের তালিকাভুক্ত ৪ হাজার ৫৪৪ জন মুক্তিযোদ্ধাকে চলতি অর্থ বছরে জুলাই মাসে ৫ হাজার টাকা করে ২ কোটি ২৭ লাখ ২ হাজার টাকা মাসিক ভাতা প্রদান করা হয়েছে।
দিনাজপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্টেফেন মুর্মু জানান, চলতি ২০১৪-২০১৫ অর্থ বছরে ৪ হাজার ৫৪৪ জন মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই লক্ষে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে দিনাজপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরকে ভাতা বরাদ্দ দেয়া হয়েছে। চলতি আগস্ট মাসে সমাজ সেবা অধিদপ্তর প্রতিটি উপজেলার তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের অর্থ বছরের প্রথম মাসের ভাতা প্রদান করা হয়।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে তালিকাভুক্ত ৪ হাজার ৫৪৪ জন মুক্তিযোদ্ধার জন্য চলতি অর্থ বছরের ১২ মাসে ২৭ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। গত বছরের তুলনায় চলতি বছর ৩৫০ জন অতিরিক্ত মুক্তিযোদ্ধাকে ভাতা প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। পূর্ব থেকেই তালিকাভুক্ত যেসব পঙ্গু মুক্তিযোদ্ধা এবং বীর প্রতিক ও বীর বিক্রমদের যেসব ভাতা চালু রয়েছে তা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ব্যাংকিং প্রক্রিয়ায় প্রতি মাসে প্রদানের কাজ অব্যাহত রয়েছে।