সিসি নিউজ: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জাতীয় বেঈমান হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইনুকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার নিজের চেহারাটা ভাল করে আয়নায় দেখুন। ৭২ থেকে ৭৫ পর্যন্ত আপনাদের ভূমিকা কি ছিল? আর এখন কি ? আপনারা সৈরাচারের সঙ্গে আপোস করে জাতীয় বেঈমান হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার পুরাতন ফেরিঘাট সংলগ্ন মাল্টিপারপাস কোল্ডস্টোরেজের আঙ্গিনায় জেলা বিএনপিসহ ২০ দলীয় জোটের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, আপনারা জাসদ তৈরি করেছেন। পল্টন ময়দান থেকে সেদিন মিছিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনছুর আলীর বাসভবনের দিকে যাচ্ছিলেন। ক্যাপ্টেন মনছুর আলীর বাসভবন থেকে মেশিনগানের গুলি ছুঁড়ে সেদিন আপনাদের শত শত নেতা-কর্মীকে ঝাজরা করে দেওয়া হয়েছিলো। আপনি সেই দিনের কথা ভুলে গেছেন?
তথ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এই স্বাধীন বাংলার সপ্নদ্রষ্টা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বহুল প্রচলিত পত্রিকা ‘হক কথা’ নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি তাকে গ্রেফতারও করা হয়েছিলো। হাজার হাজার নেতা-কর্মীকে সেইদিন আওয়ামী লীগ হত্যা করেছিলো। আর আজকে আপনি বেমালুম সব ভুলে গেছেন।
মহাসচিব বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে আমাদের নেত্রী পথে প্রান্তরে ঘুরে ৯ মাস আপোসহীন সংগ্রাম করে সৈরাচার দূর করেছিলেন। আর আপনারা সৈরাচারের সঙ্গে আপোস করে জাতীয় বেঈমান হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
এতে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই সভাপতিত্ব করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরফ আলী সপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, শ্রীনগর বিএনপি সভাপতি ও উপজেলা সভাপতি মমিন আলী প্রমুখ।