ঢাকা : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের উদ্দেশে বলেছেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করবেন না। করলে বিপদে পড়বেন। গণমাধ্যমকে সত্য কথা বলতে দিন। সত্যকে হজম করার শক্তি অর্জন করুন। সত্য কথা হজম করতে না পারলে বিপদ হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত এক সমাবেশে তিনি সরকারকে এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এ সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। যেখানে জনগণের নিরাপত্তা নেই সেটা অরাজক দেশ।
এরশাদ বলেন, দুর্বৃত্তরা আজ সন্তানকে তুলে নিয়ে গিয়ে বাবার কাছে মুক্তিপণ আদায় করছে। অথচ সরকার এ ব্যাপারে নির্বিকার।
সম্প্রচার নীতিমালা নিয়ে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করবেন না। সম্প্রচার নীতিমালা নিয়ে প্রয়োজনে গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করুন।
তিনি বলেন, দেশের মানুষ শান্তি নেই। দেশে অন্যায়-অবিচার বেড়েই চলছে।
জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির নবনির্বাচিত আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা ও জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়াকে সংবর্ধনা দিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
যুব সংহতির সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।