সিসি নিউজ: সৈয়দপুর রেলওয়ে কারখানার মূল্যবান পিতলের সরঞ্জাম চুরির দায়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন প্রহরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া প্রহরীর নাম মোশারফ হোসেন। এ ঘটনা তদন্তে কারখানা কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। ওই চুরির ঘটনায় সোমবার ওই প্রহরীকে বরখাস্ত করা হয়।
কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কারখানার লোকোমেশিন সপে পাহারার দায়িত্বে ছিল প্রহরী মোশারফ হোসেন। রোববার ভোরে স্টোরের দায়িত্ব থাকা কর্মচারী পিতলের সরঞ্জামের (সার্পোটিং বিয়ারিং) মজুদ কম দেখতে পেয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রহরী মোশারফকে আটক করে। দিনভর জিজ্ঞাসাবাদের পর চুরির ঘটনা স্বীকার করে ওই প্রহরী। তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার নিরাপত্তা বাহিনী চুরি যাওয়া ১২টি সাপোর্টিং বিয়ারিং উদ্ধার করে। ফলে চুরির অভিযোগে জড়িত প্রহরী মোশারফ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। বরখাস্ত হওয়া প্রহরী স্টোর গুদামের নকল চাবি তৈরী করে ওই মালামাল চুরি করে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। চুরি যাওয়া সরঞ্জাম রেলওয়ে ইঞ্জিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হিসাবে ব্যবহার করা হয়। এর মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানা গেছে।
জানতে চাইলে সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস মো. নূর আহম্মেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত টিম কাজ করছে। আরও কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।