• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

কাহারোলে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

dinajpur_mapদিনাজপুর প্রতিনিধি: কাহারোলে জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়)” শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হামিদুল হক প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ দিদারুল ইসলাম, কাহারোল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল গণি, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফারুক। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ও কর্মশালা পরিচালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীক।
কর্মশালায় ‘বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ’ বিষয়ে প্রথম অধিবেশন পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, ‘স্যানিটেশন, পরিবেশ ও জন্মনিবন্ধন’ বিষয়ে দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হামিদুল হক এবং ‘মা ও শিশু স্বাস্থ্যের পরিচর্যা এবং নিরাপদ মাতৃত্ব’ বিষয়ে তৃতীয় অধিবেশন পরিচালনা করেন দিনাজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক, ডা. মোঃ দিদারুল ইসলাম।
কর্মশালা উদ্বোধন করে প্রধান অতিথি মোঃ হামিদুল হক বলেন, সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার আচরনের পরিবর্তন কৌশল। আর কাঙ্খিত আচরনের টেকসই পরিবর্তনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সরকার গৃহিত বিভিন্ন কর্মসূচির মধ্যে তথ্য অফিস আয়োজিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা একটি ভাল পদক্ষেপ। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, সবার জন্য স্যানিটেশন, স্বাস্থ্যকর পরিবেশ ও শতভাগ জন্মনিবন্ধন এবং মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা ও নিরাপদ মাতৃত্বসহ বিভিন্ন ইস্যুতে কাঙ্খিত টার্গেটে পৌছতে হলে তৃণমূল জনগণকে সঠিক তথ্য সরবরাহ করতে হবে এবং সে অনুযায়ী কাজ করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। আর এ কাজটি করার জন্যই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এই ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন। তিনি কর্মশালা আয়োজনের জন্য জেলা তথ্য অফিস ও সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন কাহারোলকে ধন্যবাদ জানান।
কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লাল সুতোয় বিয়ে, সুন্দর আগামী ও গ্রামের নাম বকুলপুরসহ বিভিন্ন উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সদস্য, সাংবাদিক, এনজিও কর্মী, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, সমাজসেবক, স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধি, নারী অধিকার কর্মী, শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০ জন নেতৃস্থানীয় ব্যক্তি অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ