সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ড্রেনের পাশে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে শহরের রেলওয়ে হাসপাতাল সংলগ্ন বাঁশবাড়ী সাদরা লেন এলাকা হতে ওই নবজাতকটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, ওই এলাকার আবুল কালাম আজাদ এর বাসার সামনের ড্রেনের উপরে পলিথিনে প্যাচানো ও ময়লা আবর্জনায় ঢাকা অবস্থায় একটি নবজাতককে কে বা কারা ফেলে যায়। পাশের বাসার মমতাজ আলীর ছেলে ওয়াকার আহমেদ শিশুর কান্নার শব্দ শুনতে পায়। বিষয়টি মমতাজ আলীকে বললে বাড়ির সবাই বেড়িয়ে এসে সেখানে একটি নবজাতক পড়ে থাকতে দেখে। এসময় কয়েকটি কুকুর নবজাকটিকে ঘিরে ছিল। তখন তারা নবজাতককে উদ্ধার করে বাসায় নিয়ে যায় এবং তৎক্ষনাৎ পুলিশে খবর দেয়। নবজাতকটি কন্যা সন্তান হওয়ায় ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নবজাতক মেয়ে শিশুটিকে পেয়ে মমতাজ আলী আনন্দ চিত্তে নিজে লালন পালন করার দায়িত্ব নিয়েছে। বর্তমানে নবজাতকটি সুস্থ্য আছে। এ খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে শত শত লোক শিশুটিকে এক নজর দেখার জন্য ছুটে আসছে।