ঢাকা : দমন-পীড়ন চালিয়ে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান। তিনি বলেন, অতীতের স্বৈরশাসকদের মতই আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে এখন দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের এ অপচেষ্টা বুমেরাং হবে।
রোববার ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার দায়িত্বশীল সমাবেশ তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি এম এইচ সোহেলের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, শাখা অর্থ সম্পাদক রাকিবুল হাকিম, অফিস সম্পাদক মোহাম্মদ আলী ও প্রকাশনা সম্পাদক নুরুল আলম প্রমুখ।
তিনি বলেন, জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিলেও বেহায়ার মতো তারা ক্ষমতা দখল করে রেখেছে। দেশের প্রতিটি জনপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনধিক্কারে নাস্তানাবুদ হচ্ছে। অবৈধভাবে নির্বাচিত এমপি-মন্ত্রীরা জনরোষের আশঙ্কায় এলাকায় যেতে পারছে না। অন্যদিকে দেশ-বিদেশের বিবেকবান ব্যক্তি ও সংস্থা থেকে আওয়ামী সরকার ধিক্কার ছাড়া আর কিছুই পায়নি।
তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, ছাত্রশিবির নেতাকর্মীদের উপর দেশবাসীর প্রত্যাশা অনেক। তাই আওয়ামী দমননীতির বিপরীতে ছাত্রশিবির নেতাকর্মীদের সীসাঢালা প্রাচীরের মত অবস্থান নিতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও বাতিলের প্রতিরোধ করতে হবে।