সিসি নিউজ : দিনাজপুরের চিরিবন্দরে ইভটিজিংয়ের দায়ে হাসিনুর রহমান নামে এক বখাটে যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে ওই বখাটে যুবককে শাস্তি দেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, চিরিবন্দর উপজেলা কুতুবডাঙ্গা স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী আমবাড়ী কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে হাসিনুর রহমান বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গতি রোধ করে ইভটিজিং করে। এ সময় বখাটে যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫৪ ধারায় ওই বখাটে যুবককে দুই বৎসরের সশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত হাসিনুর রহমান উপজেলার দৌলতপুর দীঘিপাড়ার আলামিনের ছেলে।