মাহবুবুল হক খান, দিনাজপুর: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। এই হাসপাতালে কি কি সমস্যা রয়েছে তা খুঁজে বের করে যথা সময়ে সমাধান করা হবে। কোন অনিয়ম থাকলে সেসব অনিয়ম দূর করার ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে সেবা পায় সে জন্য গ্রামে-গঞ্জে কমিউনিটি ক্লিনিক চালু করেছে এবং এসব ক্লিনিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়েছে।
স্বাস্থামন্ত্রী রোববার সকাল ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন। প্রায় এক ঘন্টাব্যাপী তিনি হাসপাতালের শিশু ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, ডায়ালসিস বিভাগ, সিসিইউ, আইসিইউ বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন এবং এসব বিভাগে ও ওয়ার্ডে ভর্তি হওয়া রোগি ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। এ সময় তার সাথে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, স্বাস্থ্য সচিব, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোঃ আবু বকর সিদ্দিক, সহকারী পরিচালক ডা. মোঃ আমির আলী, বিএমএ ও স্বাচিব নেতৃবৃন্দসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সাথেও কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্য সমাধানের আশ্বাস দেন।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে এসে পৌঁঁছলে ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা তাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী দিনাজপুর মেডিকেল কলেজ পরিদর্শন করেন ও কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।