চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে দিনাজপুরের চিরিরবন্দরে ইজারাভুক্ত খাসপুকুরে বিষ প্রয়োগে আড়াই লাখ টাকা মুল্যের ৫০ মন পোনা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, রোববার গভীর রাতে উপজেলার দুর্গাপুর মৌজার দামুয়া খাসপুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করলে আড়াই লাখ টাকা মুল্যের ৫০ মন পেনা মাছ মারা যায়। পুকুরের ইজারাভুক্ত সোনালী মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য ময়ছার আলী ও বুলবুল আহম্মেদ বলেন, এ বছর ৩ একর ৩৩ শতাংশের এ খাস পুকুরটি ৩ বছরের জন্য ইজারা নিয়ে সোনালী মৎস্যজীবি সমবায় সমিতি মাছ চাষ শুরু করে। কিন্ত দীর্ঘদিন অবৈধ দখলে থাকা প্রতিপক্ষরা এবার পুকুর না পেয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। দামুয়াপুকুর মৎস্য চাষ প্রকল্পের উপদেষ্টা ও কারেঙ্গাতলী বালিকাউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাকিব সরকার জানান, ইতিপুর্বে ওই পুকুরের অবৈধ দখলদাররা প্রকৃত মৎস্যজীবিদের নানাভাবে হয়রানি করায় তাদের পক্ষে কথা বলতে গিয়ে তারা আমাকেও মিথ্যা মামলায় জড়িয়েছে। বর্তমানে সরকারী নিয়ম অনুযায়ী ইজারার মাধ্যমে প্রকৃত মৎস্যজীবিরা পুকুর পাওয়ায় তাদের রোষানলের শিকার হয়েছে ৫০ মন পোনা মাছ। এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা মৎস্য কর্মকর্তা সমর চক্রবর্তী জানান, বিষযটি আমি অবগত হয়েছি। অভিযোগপত্র পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে মৎস্যজীবিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।