লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী জালাল হোসেনসহ ৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে পাটগ্রাম উপজেলা পরিষদের আবাসিক প্রবাসী থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী লালমনিরহাট সদর উপজেলার নর্থবেঙ্গল মোড় এলাকার সেকেন্দার আলীর ছেলে জালাল হোসেন(৩৫), একই অফিসের সহকারী ও একই এলাকার বাসিন্দা মৃত আব্দুল জব্বারের ছেলে মাজেদার রহমান সেলিম(৪৮), অফিসের নৈশ প্রহরী একই উপজেলার হাড়িভাঙ্গা এলাকার মৃত মোহর আলীর ছেলে মোস্তাক হোসেন(৫২), বাসার নৈশ প্রহরী হাতীবান্ধা উপজেলার পূর্বসারডুবী এলাকার শফিকুল ইসলামের ছেলে রিপন হোসেন(২৬), পিয়ন পাটগ্রাম পৌরসভার কোর্টতলী এলাকার মৃত আমীর উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন(৫৫) ও পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরের ইসমাইল রেস্টুরেন্টের বার্বুচি জুম্মাপাড়া এলাকার বাসিন্দা মৃত কচিম উদ্দিনের ছেলে নুরু মিয়া(৪৮) ।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ চত্বরের সরকারি আবাসিক হোটেল প্রবাসীতে জুয়া খেলার সময় হাতে-নাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে জুয়ার আসর সংক্রান্ত একটি পুলিশ বাদী মামলা হয়েছে। শুক্রবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেতারকৃতদের দাবি, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী জালাল হোসেনের পূর্ব কর্মস্থল হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সাথে তার বিরোধের জের ধরে জুয়ার আসর দেখিয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের চক্রান্তে সাজানো জুয়া আসর দেখিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, জুয়া খেলার সময় পুলিশ তাদেরকে হাতেনাতে ধরে ফেলেছে। এতে আমার কিছু করার নেই।