খেলাধুলা ডেস্ক: ব্যাট হাতে চমক দেখালেন ভারতের সাবেক ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। মুম্বাইয়ে স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের নক আউট পর্বের ম্যাচে ৪২ বলে ১১৮ রানের ঝড়ো এক ইনিংস খেলেন অর্জুন। ফলে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে অর্জুনের দল ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
নক আউট ভিত্তিতে গত সপ্তাহে ১০২টি স্কুলকে নিয়ে মুম্বাইয়ে অনূর্ধ্ব-১৬ স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়। ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে মাঠে নামেন টেন্ডুলকারের ছেলে অর্জুন। কোয়ার্টার ফাইনালের ম্যাচে ৪২ বল মোকাবেলা করে ১১৮ রানের নান্দনিক এক ইনিংস খেলেন অর্জুন। তার দৃষ্টিনন্দন ইনিংসের উপর ভর করে সেমির টিকিট পায় অর্জুনের দল।