সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে মাছ চোরকে ধাওয়া করতে গিযে চোরের ছুরিকাঘাত ও মারপিটে তিনজন আহত হয়েছে। আহতরা হলেন আবিজার রহমান (৪৭), রোকেয়া বেগম ও কিশোর সোহাগ। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন মাছ চাষী আবিজার রহমান। এটি ঘটেছে শহরের কয়ামিস্ত্রীপাড়া এলাকায়। এতে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ৮ জনকে অভিযুক্ত করে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলার বাদি আবিজার রহমান ও তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (দারোগা) আব্দুর রহিম জানান, গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকাল বেলা অভিযুক্ত তৈয়ব কবিরাজ(৪৫), মুরাদ(২৫), রাসেল(২৩), রুবেল(২১), আফতাব(৪৫), মো. রাজা(২২), রাশিদ(২৪) ও সাইদুল (৪৮) কারেন্ট জাল ও বড়শি (ছিপ) দিয়ে মাছ ধরে চুরি করে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে মাছ চাষী আবিজার রহমান ঘটনাস্থলে পৌছে তাদের ধাওয়া করে। এ সময় অভিযুক্তরা জোটবদ্ধ হয়ে আবিজারকে ছুরিকাঘাত ও বেদম মারপিট করতে থাকে। তাদের মারপিট থেকে বাঁচতে মাছ চাষী আবিজার রহমান আর্তচিৎকার শুরু করে। এমতাবস্থায় স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে সোহাগ দ্রুত সেখানে উপস্থিত হয় এবং অভিযুক্তদের হাত থেকে ওই মাছ চাষীকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু অভিযুক্তরা তাদেরকেও কিলঘুষি, ছুরিকাঘাত ও হত্যা করার উদ্দেশ্যে গলা চেপে ধরে। এ সময় তাদের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে এলাকার মানুষজন ঘটনাস্থলে ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার সৈয়দপুর থানায় মামলা হয়েছে।
মামলার বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।