দিনাজপুর: ভারতে অনুপ্রবেশ ও জঙ্গি হামলা ঠেকাতে হিলি সীমান্তে কারফিউ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই কারফিউ চলবে।
শুক্রবার বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং সীমান্তে কারফিউ জারির বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত-বাংলাদেশ সীমান্তরেখা অতিক্রমে নিষেধাজ্ঞা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। তবে কত দিনের জন্য এই কারফিউ বলবত থাকবে তা বিজিবির কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি। এদিকে বিএসএফ সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল ব্যবস্থাও জোরদার করেছে।
বিজিবির সেক্টর কমান্ডার বলেন, “গত ৮ মাসে সীমান্তের ভারত অংশে তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন।”
এজন্য সীমান্তবাসীদের সতর্কতার সঙ্গে চলাচল করার আহ্বান জানান তিনি। এ সময় জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার উপস্থিত ছিলেন।