বিনোদন ডেস্ক: হলিউডের সুন্দরী অভিনেত্রী তিনি। সম্প্রতি জাতিসংঘের নারীবিষয়ক শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচন করা হয় তাকে। আর এখানেই বাধল যত বিপত্তি। জাতিসংঘের মতো একটি সংস্থার শুভেচ্ছা দূত নিঃসন্দেহে সম্মানজনক। তবে এবার মনে হচ্ছে এমা ওয়াটসনের জন্য একেবারে হিতে বিপরীতই হল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নারী মুক্তিবিষয়ক বক্তব্য দিয়ে হুমকির মুখে পড়েছেন ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। জাতিসংঘের নারীবিষয়ক এই শুভেচ্ছা দূতের ‘খোলামেলা’ ছবি প্রকাশ করার হুমকি দেওয়া হয়েছে একটি ওয়েবসাইটে।
জাতিসংঘের উদ্যোগে নারী অধিকার নিশ্চিতকরণ ও নারী-পুরুষ সমতা অর্জনে মানুষের সহায়তা তালিকাভুক্ত করার একটি কার্যক্রম উদ্বোধন করেন এমা। এ সময় দেওয়া বক্তব্যে তিনি বলেন, শুধু নারীই নয়, পুরুষদেরও তাদের প্রয়োজনেই এ বিষয়ে ভাবা দরকার। তবেই তাদের মেয়ে, বোন ও মা গোঁড়ামি থেকে মুক্ত হতে পারবে। একই বক্তব্যে নিজেকে একজন নারীবাদী বলেও দাবি করেন এবং নারী হিসেবে তিনি নিজেও নানা সময়ে নানা বিপত্তির মুখে পড়েছেন বলে জানান।
তার বক্তব্যের পর অজ্ঞাত একটি হ্যাকারদল ‘এমাইউআরনেক্সটডটকম (emmayouarenext.com)’ নামের ওয়েব সাইটে এমাকে হুমকি দেয়। তারা জানায়, জাতিসংঘে এমার নারীবাদী বক্তব্য ছিল ফালতু। তাই তার নগ্নতা ছড়িয়ে দেওয়া হবে। বিশ্ব দেখবে নারীদের নিয়ে এমন কথা যে বলে বেড়ায় সেও আর দশটা নারীর মতোই । ওয়েবসাইটে আরো বলা হয়েছে, ‘এটা সত্যি এবং এই সপ্তাহের শেষ নাগাদই তা ঘটবে।’
ধারণা করা হচ্ছে, এই হ্যাকারদলটি সেই দল যারা সম্প্রতি জেনিফার লরেন্সের মতো তারকাদের নগ্ন ছবি প্রকাশ করেছে।