ঢাকা : প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ও ড. জাফর ইকবালের মা আয়েশা ফয়েজ রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ৮৪ বছর বয়সে তিনি মারা যান।
আজ বাদ জোহর মিরপুরে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ পৈত্রিক বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে নেয়া হবে। রোববার সকাল ১০টায় সেখানে মায়ের কবরের পাশে (হুমায়ুন আহমেদের নানী) তাকে দাফন করা হবে।
জনপ্রিয় কার্টুনিস্ট ও রম্য লেখক আহসান হাবীবেরও মা আয়েশা ফয়েজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও হৃদরোগে ভুগছিলেন। গত ১১ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হলে আয়েশা ফয়েজকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, আয়েশা ফয়েজ ১৯৩০ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন। তার নানাবাড়ি বারহাট্টার কৈলাটি গ্রামে। বাবা শেখ আবুল হোসেন এবং মা খায়রুন নেসা। ১৯৪৪ সালের ৮ ফেব্রুয়ারি পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ হন ফয়জুর।
এক প্রজন্মে সবচেয়ে জনপ্রিয় দুইজন জনপ্রিয় লেখক এবং একজন কার্টুনিস্টকে গর্ভে ধারণ করার জন্য ‘রত্নগর্ভা’ উপাধি পান আয়েশা ফয়েজ। তার তিন মেয়েও রয়েছে।
‘জীবন যে রকম’ নামে একটি আত্মজীবনীমূলক বই রয়েছে আয়েশা ফয়েজের। তাতে নিজের ছোটবেলা, বেড়ে ওঠা, বিয়ে, সন্তান জন্ম, মুক্তিযুদ্ধে স্বামীর শহীদ হওয়াসহ তার জীবনসংগ্রামের নানা দিক তুলে ধরা হয়েছে।
মুক্তিযুদ্ধে পুলিশ কর্মকর্তা স্বামী নিহত হওয়ার পর বহু কষ্ট করে ছেলে-মেয়েদের নিয়ে সংসার চালান মিসেস ফয়েজ। স্বাধীনতার পরে শহীদ পরিবার হিসেবে মোহাম্মদপুরে একটি বাসা বরাদ্ধ দেয়া হলেও পরে সেখান থেকে তাদের উচ্ছেদ করা হয়।