আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের কাতালোনিয়া অঞ্চলের প্রেসিডেন্ট স্বাধীনতার লক্ষ্যে গণভোটের এক নির্দেশে স্বাক্ষর করেছেন।
স্কটল্যান্ডের আদলে আগামী ৯ নভেম্বর কাতালোনিয়ায় এই গণভোটের আয়োজন করা হবে। কিন্তু স্পেনের কেন্দ্রীয় সরকার এই গণভোটের বিরোধিতা করছে।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানা রাহয় বলেছেন, স্বাধীনতার প্রশ্নে এই গণভোট তিনি আটকে দেবেন। তিনি মনে করেন, এই গণভোটের উদ্যোগ বেআইনি।
কাতালোনিয়া স্পেনের সবচেয় সম্পদশালী অঞ্চল। প্রচুর শিল্প-কারখানা আছে সেখানে। বার্সেলোনা কাতালোনিয়ার প্রধান শহর।
গত ১৯শে সেপ্টেম্বর ক্যাটালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট এই গণভোটের পক্ষে প্রস্তাব পাশ করে।
সামনের সপ্তাহে মন্ত্রিপরিষদের এক বিশেষ বৈঠকে গণভোটের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মারিয়ানা রাহয় ব্যবস্থা নেবেন বলে মনে করা হচ্ছে।
স্পেনের কাতালোনিয়া অঞ্চলের স্বাধীনতার পক্ষে আগে ততটা জনসমর্থন ছিল না। কিন্তু গত কয়েকবছরের তীব্র অর্থনৈতিক মন্দার কারণে স্বাধীনতার পক্ষে সমর্থন বাড়ছে। স্পেনের দরিদ্র অঞ্চলগুলোর জন্য কাতালোনিয়ার করের অর্থ যেভাবে ব্যয় করা হচ্ছে, তা নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ আছে। সূত্র: বিবিসি