রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে ব্যাপক-উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা আজ মহা ষষ্টী পূজার মধ্য দিয়ে শুরু হবে। আগামী শনিবার বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে। দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা মন্ডপ গুলোতে নিচ্ছিন্দ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-আনসার বাহিনী মিলে প্রায় সাড়ে ৭শ’ সদস্য দায়িত্ব পালন করার পাশাপাশি পুলিশ বাহিনীর ১৫ সদস্যের একটি স্ট্রাইকিং ফোর্স প্রতিনিয়ত মন্ডপগুলোতে টহল দেয়ার কথা জানিয়েছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১১৪টি পূজা মন্ডপের জন্য সরকারিভাবে প্রতিটি মন্ডপের জন্য ৫শ’ কেজি করে মোট ৫৭ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং ইতিমধ্যে স্ব-স্ব পূজা মন্ডপের কমিটির সভাপতি-সেক্রেটারীর নিকট ডিও প্রদান করা হয়েছে। অপরদিকে রাজারহাট উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সহ. অধ্যাপক রবীন্দ্র নাথ কর্মকার কর্তৃক কমদামে ডিও কেনার অভিযোগ উঠেছে। এদিকে কমিটি নিয়ে দ্বন্দ্ব থাকায় সংঘর্ষের আশংকায় ছিনাই ইউপি’র মুড়িয়া পাকটি সার্বজনীন দুর্গা মন্দিরটিতে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ শনিবার সন্ধ্যায় ওই মন্দিরটিতে তালা দিয়েছে। সরজমিন ওই মন্দিরটিতে গতকাল তালা দেয়ার বিষয়ে জানতে চাইলে এলাকার সনাতন ধর্মালম্বী শিমুল (৩২), গুঞ্জন (২৫), অমুল্য (৩৫) বলেন, মন্দিরের কমিটি নিয়ে ৫/৬টি পরিবার সরে গেলে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা শনিবার সন্ধ্যায় মন্দিরটিতে তালা দেন এবং আজ সন্ধ্যায় বিষয়টি মিমাংসা হওয়ার কথা রয়েছে। ডিও কম দামে কেনার বিষয়ে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সহ. অধ্যাপক রবীন্দ্র নাথ কর্মকারের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ পর্যন্ত মাত্র কয়েকটি ডিও কিনেছি এবং বাকীগুলো নিয়ে অন্য ডিও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে যেখানে বেশি দাম পাওয়া যাবে সেখানে মন্দির কমিটিকে বিক্রি করার পরামর্শ দেয়া হয়েছে এবং মুড়িয়া পাকটি মন্দিরটি নিয়ে দু’টি পক্ষ মুখোমুখি অবস্থানে থাকায় গত শনিবার পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে বিশৃঙ্খলা এড়াতে মন্দিরটিতে তালা দেয়া হয়েছে। বিষয়টি গত রাতে মিমাংসা করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল হক বলেন, পূজা উদ্যাপন পরিষদের সভাপতির ডিও কেনার বিষয়টি তিনি শুনেছেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান বলেন, স্ব-স্ব মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের হাতে ডিও প্রদান করা হয়েছে। কেউ কম দামে কারো কাছে বিক্রি করলে সেটা তাদের বিষয়।
রাজারহাটে মাছের পোনা অবমুক্ত
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জলাশয় ও বিলে নার্সারী স্থাপন এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ প্রকল্পের পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের আওতায় গতকাল ছিনাই ইউপি’র ফড়িং-এর ছড়া বিলে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করেন-কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুলনবী (মিঠু), সহ. মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, প্রেসক্লাব রাজারহাট-এর সহ. সা. সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গোলাম সরওয়ার বাবলু প্রমূখ।