চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় আহম্মদ (২৬) নামের এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রমনী রঞ্জন চাকমা এই রায় দেন। সাজাপ্রাপ্ত আহম্মদ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার চরমাছুয়া গ্রামের লোকমান বেপারীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২২ নভেম্বর রাতে চরমাছুয়া গ্রামের সোনা মিয়ার স্কুলপড়ুয়া মেয়েকে ঘরে প্রবেশ করে আহম্মদ ধর্ষণের চেষ্টা চালায়। এতে ওই ছাত্রী মারাত্মকভাবে আহত হয়। এ ঘটনায় ছাত্রীর মা রহিমা বেগম একই সালের ৫ ডিসেম্বর নারী ও শিশু আদালতে মামলা দায়ের করেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম মামলাটি তদন্তক্রমে আসামি আহম্মদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনের আলোকে নারী ও শিশু আদালত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(৪)(খ) ধারায় অভিযোগ আমলে নিয়ে রাষ্ট্রপক্ষের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আহম্মদকে ৫ বছরের সশ্রম কারাদ-, ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।