ঢাকা : ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে কেউ যেন নিজের ফায়দা লুটতে না পারে সেজন্য ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকেলে ঢাকেশ্বরী পূঁজামণ্ডবে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর এই হোক আজকের শুভ দিনে সকলের প্রার্থনা।
ফখরুল বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। হাজার হাজার বছর ধরে এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলে মিশে বসবাস করছেন। কাজেই সজাগ থাকতে হবে যাতে করে আমাদের এই বন্ধন অটুট থাকে। বিএনপি উদার রাজনৈতিক দল। গণতন্ত্র ও দেশ রক্ষা করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বরাবরই বদ্ধপরিকর।
মির্জা ফখরুল আরো বলেন, রাষ্ট্রীয় ও রাজনৈতিক জীবনে বহু মতো থাকতে পারে কিন্তু ধর্মীয় মূল্যবোধে আঘাত করতে পারে এমন বক্তব্যে কখনো কাম্য হতে পারে না।
এসময় বিএনপির সাবেক মন্ত্রী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট গৌতম চক্রবর্তী ও ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্তু কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।