আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য অপেক্ষায় থাকা দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমানের এক্সজুকেটিভ ক্লাস থেকে নিস্ক্রিয় গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ওই গ্রেনেড উদ্ধার করা হয়।
জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দেয়ার পর মোদির জন্য বোয়িং ৭৪৭ বিমানটি জরুরি অবস্থায় ব্যবহারের জন্য অর্থাৎ স্ট্যান্ডবাই হিসেবে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা হয়েছিল।
নরেন্দ্র মোদি পাঁচ দিনের সফর শেষে বৃহস্পতিবার ভারতে ফিরে আসার পর বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য বিমানটিকে ছেড়ে দেয়া হয়। বিমানটি বর্তমানে মুম্বাই-হায়দ্রাবাদ-জেদ্দা ফ্লাইটে ব্যবহৃত হচ্ছে।
জানা যায়, বিমানটি জেদ্দা বিমানবন্দরে নামার পর এ বিষয়টি স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলোকে অবহিত করা হয়। এরপর তারা বিমানের নিয়ন্ত্রণ গ্রহণ করে। পরে জেদ্দা বিমান বন্দরের নিরাপত্তা বিভাগ বিমানে প্রয়োজনীয় তল্লাশি চালায়। তখন ওই নিস্ক্রিয় গ্রেনেডটি উদ্ধার হয়।
এদিকে, এমন ঘটনার পর দেশটির নিরাপত্তার ক্ষেত্রে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এ খবর নিশ্চিত করে বলেন, এ বিমানে একটি সন্দেহজনক বস্তু পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি