সিসি নিউজ: আওয়ামী লীগের তৃণমূলে ডিসেম্বরের মধ্যেই আসছে নতুন নেতৃত্ব। জেলা ও উপজেলাসহ তৃণমূলের নানা পর্যায়ের কাউন্সিল হবে এ সময়েই। যেসব সাংগঠনিক জেলায় এক দশক কিংবা দেড় যুগেও সম্মেলনের হাওয়া লাগেনি, সেখানেও এবার হবে কাউন্সিল।
পিরোজপুরে সম্মেলন হয় না ২১ বছর। ঠাকুরগাঁওয়ের কমিটির মেয়াদ পেরিয়ে গেছে কয়েক বছর আগেই। ১০ থেকে ১২ বছর ধরে সম্মেলন হয় না এমন জেলার সংখ্যাও ১০টির বেশি। এভাবেই থমকে আছে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নতুন নেতৃত্ব তৈরির প্রক্রিয়া।
২০ সেপ্টেম্বর গণভবনে কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
এ ব্যাপারে তিনি দ্রুত ব্যাবস্থা নেয়ার নির্দেশ দিলে বিভাগ ও অঞ্চলভিত্তিক ১০টি কমিটিও তৈরি করা হয়। ঈদের পর জেলা সফর শুরু করবে এসব কমিটি। তাদের সুপারিশ অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে নতুন কমিটি গঠন ও নতুন কর্মকৌশল ঠিক করবে আওয়ামী লীগ।
নতুন নেতৃত্বের মধ্য দিয়ে বিরোধী দলীয় যেকোন ধরণের আন্দোলন মোকাবেলায় দলকে উপযুক্ত করে গড়ে তুলতে চায় আওয়ামী লীগ। সরকারের উন্নয়নচিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের ধ্বংসাত্মক রাজনীতির বিষয়টিও সামনে আনা হবে।
ঈদের পর দলের অন্তর্কোন্দল ও সংগঠনবিরোধী কাজ বন্ধে তৃণমূলকে পুনরুজ্জীবিত করা ছাড়া আওয়ামী লীগের সামনে কোন বিকল্প নেই বলেও মনে করেন দলের নেতারা। সূত্র: ইনডিপেনডেন্ট