সিসি নিউজ: বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু বলেছেন, আগামী ২৩ অক্টোবরের নীলফামারীতে খালেদা জিয়ার জনসভার মধ্য দিয়ে বিএনপি উজ্জীবিত হবার পাশাপাশি সরকার পতনের আন্দোলন আরো জোরদার হবে। শুক্রবার দুপুরে খালেদা জিয়ার জনসভাস্থল নীলফামারী পৌরসভা মাঠ পরিদর্শণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ২৩ তারিখের জনসভা জনসমুদ্রে রূপ নিয়ে তা ঐতিহ্যে পরিণত হবে। তাই এই জনসভাকে স্মরণকালের সেরা জনসভা করতে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। দেশের মানুষকে বোঝাতে হবে মানুষ বিএনপি অন্য কোন দলকে ক্ষমতায় দেখতে চায়না।
এর আগে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন আসাদুল হাবীব দুলু। এসময় জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আনিছুল আরেফীন চৌধুরী, সদস্য সচিব সামসুজ্জামান জামান, যুগ্ম-সম্পাদক মীর সেলিম ফারুক, জহুরুল হকসহ ২০ দলীয় জোটের জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।