ঢাকা : আমার ভাই লতিফ সিদ্দিকী আওয়ামী ষড়যন্ত্রের শিকার। সে আওয়ামী লীগের চাপে পড়ে ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও লতিফ সিদ্দিকীর ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী এই দাবি করেন।
কাদের সিদ্দিকী বলেন, নিউ ইয়র্কে হজ ও তাবলীগ নিয়ে এসব কথা আমার ভাই বলতে পারেন না। এই অবৈধ সরকার লতিফ সিদ্দিকীকে দিয়ে এসব কথা বলিয়ে জনগণের দৃষ্টি অন্য দিকে নিতে চাইছে।
ইসলাম নিয়ে লতিফ সিদ্দিকীর বক্তব্যের জন্য তিনি বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে বলেন, মন্ত্রী ও সংসদ সদস্য লতিফকে আমি চিনি না। কিন্তু তিনি আমার রক্তের সম্পর্কের ভাই। তাই তার এই বক্তব্যের জন্য পরিবারের পক্ষ থেকে আল্লাহ ও দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে আমি এখানে এসেছি।
কাদের সিদ্দিকী আরো বলেন, একজন মুসলমান হয়ে তার এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। তার ক্ষমা চাওয়া উচিত। যদি তিনি ক্ষমা না চান তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে।
সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (বীর প্রতিক), যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ।