ঢাকা : ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করার পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
জারি করা ওই প্রজ্ঞাপনের নম্বর:-০৪.০০.০০০০.৪২১.৮৪.০০৪.১৪.৩১৬। যাতে লেখা রয়েছে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৮ অনুচ্ছেদের(১)দফার (গ) উপদফা অনুযায়ী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রী পদে নিয়োগের অবসান হয়েছে।
(২)।এটি অবিলম্বে কার্যকর হবে।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “রাষ্ট্রপতি সংবিধানের ৫৮ অনুচ্ছেদের ১ দফার গ উপধারা অনুসারে আব্দুল লতিফ সিদ্দিকীর মন্ত্রী পদে নিয়োগের অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।
তবে কেন লতিফ সিদ্দীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে ওই প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি।